ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বর্তমানে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা কম হলেও ভবিষ্যতে তা বাড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. নাফিস সাদিক।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউএনএইডস এর যৌথ উদ্যোগে 'এশিয়ার এইডস ও বাংলাদেশের তরুণ প্রজন্মের ঝুঁকি' শীর্ষক এক অনুষ্ঠানে নাফিস সাদিক এ সতর্কতা উচ্চারণ করেন।
এশিয়ায় নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের এইচআইভি/এইডস বিষয়ক এ বিশেষ দূত বলেন, "বাংলাদেশে এখন এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা খুবই কম। তবে প্রবাসী শ্রমিক, যৌনকর্মী, মৌসুমী ও ভাসমান শ্রমিক, উদ্বাস্তু প্রভৃতি শ্রেণীর মানুষের মাধ্যমে বাংলাদেশ ঝুঁকিতে পড়তে পারে। ক্রমান্বয়ে বেড়ে চলা আক্রান্তের হার দেখেও বিষয়টি অনুধাবন করা সম্ভব।"
এইডস এর ঝুঁকি এড়াতে বিবাহ-বহির্ভূত যৌন সম্পর্ক ও বহুগামিতা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
নাফিস সাদিক বাংলাদেশে এইডস ঝুঁকি কমাতে কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশেষ প্রকল্প গ্রহণ, সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, যৌনকর্মীদের পর্যাপ্ত কনডম সরবরাহ ও এর যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতন করা, আক্রান্ত ব্যক্তিকে অপরাধী হিসাবে না দেখে তার স্বাস্থ্যসেবা ও মানবাধিকার নিশ্চিত করা, স্কুল পর্যায়ে এইডস বিষয়ক শিক্ষা চালু করা এবং এইডস বিষয়ক নীতিমালা তৈরিতে নতুর প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো।
সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাবির উপ উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ইউএনএফপিএ'র আবাসিক প্রতিনিধি আর্থার এরকেন, ইউএসএইডের কান্ট্রি কো-অর্ডিনেটর ড.সালিল পানাকাদান প্রমুখও বক্তব্য দেন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
আলোচনা অনুষ্ঠানের পরে ড. নাফিস সাদিক 'এইডস ফিল্ম উৎসব' উদ্বোধন করেন। আগামী বৃহস্পতি ও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলে এ ফিল্ম প্রদর্শিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২৩৫৫ঘ.
bdnews24