কুড়িগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রাণের জন্য অপেক্ষা শেষ হয়েছে শাহাবুদ্দিনের (৫০)।
সাতদিন প্রায় অনাহারে থাকার পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মধ্যবজরা গ্রামের শাহাবুদ্দিন সোমবার রাতে মারা গেছেন।
পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে রাতে বাবার বাড়ি থেকে ভাত এনে দিয়েছিলেন বাছিরন। সারাদিন অভুক্ত শাহাবুদ্দিন ভাত খাওয়ার পরপরই মারা যান।
জেলার সিভিল সার্জন ডা. তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনাহারে শাহাবুদ্দিনের মৃত্যুর খবর তিনি জানেন না।
শাহাবুদ্দিনের মৃত্যুর বিষয়টি বলা পর তিনি বলেন, "সুস্থ অবস্থায় কেউ চারদিন কোনো কিছু না খেলে মারা যাবে। আর উচ্চ রক্তচাপে ভোগা পক্ষাঘাতগ্রস্ত রোগী অর্ধাহার অনাহারে থাকার পর পেট ভরে খেলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে।"
বাছিরন সাংবাদিকদের কাছে দাবি করেন, সময়মত ত্রাণ পেলে তার স্বামী হয়তো মারা যেতেন না।
স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা (এনজিও) রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) ত্রাণ হিসেবে ৫০ কেটি করে চাল দিচ্ছে। এর জন্য তারা দুস্থদের একটি তালিকা করে কার্ড দিয়েছে।
বাছিরনসহ স্থানীয়রা অভিযোগ করেন, আরডিআরএস'র কর্মকর্তা ইমরান আলী গরীব লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ত্রাণের কার্ড দিয়েছেন। শাহাবুদ্দিন টাকা দিতে পারেননি বলে কার্ড পাননি।
দুস্থদের খাদ্য সহায়তার আওতায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দেওয়া চাল বিতরণের এই কাজ করছে আরডিআরএস। জেলায় প্রায় ২৮ হাজার মানুষকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
বাছিরন জানান, কার্ড না পেলেও তালিকায় নাম আছে জানতে পেরে সোমবার শাহাবুদ্দিন চাল আনতে উলিপুরে আরডিআরএস এর কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু সারাদিন বসে থেকে সন্ধ্যায় খালি হাতে ফিরে আসেন তিনি।
তিনি জানান, দুই বছর আগে পক্ষাঘাতে দিনমজুর শাহাবুদ্দিনের এক হাত ও এক পা অবস হয়ে যায়। সেই থেকে কাজ করতে পারছিলেন না তিনি। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তাদের খোঁজ খবর নেন না। বসতভিটার চার শতক জমি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই।
বাছিরন আরও জানান, আগস্ট মাসে সরকারের দেওয়া ভিজিএফ কার্ডে ২০ কেজি চাল পান। এরপর ধার-দেনা-ভিক্ষা করে কোনমতে চলছিল।
আরডিআরএস কর্মকর্তা ইমরান অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরিদ্রদের তালিকা তৈরির কাজ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান ও সদস্যরা।"
সংস্থার কুড়িগ্রাম চর জীবিকায়ন প্রকল্পের সমন্বয়ক নজরুল গণিও অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় দু:স্থদের তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদন নিয়ে এই ত্রাণ দেওয়া হচ্ছে।
বজরা ইউনিয়নে এক হাজার পরিবারকে ৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
গণি বলেন, "এরপরেও কেউ বাদ গেলে আমাদের করার কিছুই নেই।"
বজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক দাবি করেন, অসুস্থতার কারণেই শাহাবুদ্দিন মারা গেছেন। অন্য কোনো কারণ নেই।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল খালেক, উলিপুরের ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল ফয়সাল ঘটনাস্থলে যান।
প্রশাসনের আর্থিক সহায়তায় মঙ্গলবার শাহাবুদ্দিনের লাশ দাফন করা হয়।
ইউএনও আবদুর রফিক বলেন, আরডিআরএস ত্রাণের তালিকায় শাহাবুদ্দিনের নাম কেন বাদ পড়ল সেটা খতিয়ে দেখা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, তিনি বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য ইউএনওকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24