সাতক্ষীরা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দক্ষিণাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে মরিচ্চাপ নদী খনন শুরু করেছে স্থানীয়রা।
ইছামতি নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলার আশাশুনি উপজেলার শালখালী থেকে উপরের অংশে সদর উপজেলার এল্লারচর পর্যন্ত নদীতে পানি প্রবাহ নেই। কোনো কোনো স্থানে নদী প্রায় ভরাট হয়ে গেছে।
রোববার সকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকায় নদী খননের কাজ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক।
এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মন্ত্রী স্বেচ্ছাশ্রমে নদী খননের উদ্যোগের প্রশংসা করে বলেন, "জনগণের সম্মিলিত উদ্যোগের কাছে এ ধরনের সমস্যা কোন বাধা হয়ে দাঁড়াতে পারে না।"
নদী খনন করে এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে অংশ নিতে সবার প্রতি আহবান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, সাবেক সাংসদ মনছুর আহমেদ ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
শুষ্ক মৌসুমে আশাশুনির শালখালী অংশে নদী শুকিয়ে যাওয়ার কারণে দেবহাটার সাপমারা, লাবণ্যবতী, কলকাতার খাল, দাঁড়ার খাল, বাঁকাল খাল ও সাতক্ষীরা শহরের ওপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালসহ অন্যান্য জলাধারে পানি প্রবাহ বন্ধের উপক্রম হয়।
এছাড়া নদী ভরাটের কারণে প্রতিবছর সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ফিংড়ি ও ধূলিহর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার এসব এলাকার বিলে শুষ্ক মৌসুমে পানি না থাকায় ফসল উৎপাদন ব্যহত হয়।
জেলার কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে মরিচ্চাপ নদী খননের প্রস্তাব করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন এতে সহযোগিতা দিচ্ছে।
উদ্যোক্তরা জানান, সদর উপজেলার এল্লারচর থেকে আশাশুনির শালখালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা খনন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24