২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মুফতি ইজহারের ছেলেসহ তিনজন রিমান্ডে

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ইজহারের ছেলেসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজাতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ইজহারের ছেলেসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজাতে নেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার দামপাড়া এলাকা থকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ইজহারের ছেলে মো. হারুন ইজহার, মো. শহীদুল ইসলাম ওরফে সুজন ও মো. সাইফুল ইসলাম ওরফে সাইফুল আলামীন। শুক্রবার বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের আদেশ চান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন। শুনানি শেষে মহানগর হাকিম এজিএম আল মাসুদ ৫৪ ধারায় তাদের গোয়েন্দা হেফাজতে নিয়ে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শুনানির সময় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড আবেদনের জন্য রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম সর্দার এবং আদালতের সংশ্লিষ্ট বিভাগের পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম। রিমান্ড আবেদনে বলা হয়, এরা মার্কিন দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করছিল। তারা কে, কোন জঙ্গি দলের সদস্য তা জানা এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ জরুরি। এদের বিরুদ্ধে ভবিষ্যতে নিয়মিত মামলা হবে বলেও রিমান্ড আবেদনে বলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কাছে খবর এসেছে এ তিনজনের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। তবে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/১৯৫৬ ঘ.