রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা থানা প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে নূরুজ্জামান নামে ওই ব্যক্তি মারা গেছে। তবে পুলিশের দাবি, হৃদরোগই ওই মৃত্যুর কারণ।
পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামের নূরুজ্জামানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, একটি মামলায় আদালতের পরোয়ানায় নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর নূরুজ্জামানকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
এ মৃত্যুর খবর শুনে নূরুজ্জামানের এলাকার লোকজন রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও থানা ঘেরাও করে। সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর শুনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এলে তারাও অবরুদ্ধ হয়ে পড়েন।
পীরগাছা থানার ওসি আসলাম ইকবাল বলেন, "কয়েক হাজার জনতা থানা ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। পরে প্রশাননিক কর্মকর্তা ও স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে রাত ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়।"
নুরুজ্জামানের ভাই সালাম ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের পর নূরুজ্জামানের ওপর নির্যাতন চালানো হয়। আর তাতেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর জন্য পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামকে দায়ী করে তার শাস্তির দাবি জানান তারা।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, "হার্ট অ্যাটাকে নূরুজ্জামানের মৃত্যু হয়েছে।"
নুরুজ্জামানের লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪০ ঘ.
bdnews24