চট্টগ্রাম, নভেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হাজারী গলি থেকে বুধবার রাতে আমদানি নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদ বৃহস্পতিবার সারা দিন ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সেখানকার প্রায় ৪০০ পাইকারী ওষুধ বিক্রেতা।
এর ফলে জরুরি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হয়। ওষুধের জন্য হাজারী গলিতে এসে ফিরে যায় বিভিন্ন এলাকার খুচরা দোকানি।
বুধবার রাতে র্যাব সদস্যরা হাজারী গলির পাইকারী ওষুধের দোকান পপুলার ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে। এ সময় দোকান মালিকের ছেলে রানা বিশ্বাস (৩০), কর্মচারি রাজু দাশ (২৪) ও টিপু চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এর প্রতিবাদে হাজারী গলির ওষুধ ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকালেই দোকান বন্ধ করে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, চট্টগ্রাম শাখার সভাপতি সমীর শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব সদস্যরা অবৈধ ওষুধের উছিলায় অন্যায়ভাবে দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। অবৈধ ওষুধের নাম দিয়ে বৈধ ওষুধও নিয়ে গেছে।
"র্যাব ৫০ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে। গ্রেপ্তারদের না ছাড়া পর্যন্ত ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলবে", বলেন তিনি।
এ বিষয়ে র্যাব-৭ এর মেজর আজাদ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে পপুলার ফার্মেসী ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিভিন্ন দেশের আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছে।
ওষুধ প্রশাসনের পরিদর্শকদের নিয়ে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, "শুধু আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/২০৫১ ঘ.
bdnews24