বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বুধবার রাতে চার মেট্রিক টন জাটকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রাত ১০টার দিকে উপজেলার রহমতপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাটকা আটক করা হয় বলে র্যাব-৮ এর কর্মকর্তা মেজর রাশেদুল ইসলাম জানিয়েছেন।
আটক তিনজন হলেন- ট্রাকচালক শামছুল, তার সহকারী শাজাহান ও আনসার আলী।
র্যাব কর্মকর্তা মেজর রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর পোর্ট রোড ঘাট থেকে ফরিদপুর, মধুখালী ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন স্থানে নেওয়ার সময় র্যাবের একটি দল রহমতপুরে ট্রাকটি আটক করে।
তিনি জানান, পরে জাটকাগুলো পোর্ট রোড ঘাটে নিয়ে নিলামে এক লাখ ২০ হাজার ৫শ' টাকায় বিক্রি করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজের উপস্থিতিতে এই নিলাম হয়েছে।
মেজর রাশেদ জানান, জাটকা আটকের ঘটনায় মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা বাদি হয়ে বুধবার রাতেই কোতয়ালী থানায় একটি মামলা করেন।
মামলায় বরিশাল জেলা মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত দাস এবং আটক তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৬ ঘ.
bdnews24