২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রে বাঁধ : চীনের পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে সরকার

ব্রহ্মপুত্র নদের ওপর চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনার ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র নদের ওপর চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনার ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে। এব্যাপারে দেশের স্বার্থ রক্ষায় সরকার প্রয়াজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। রমেশ চন্দ্র বলেন, "বহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণে চীন সরকারের কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার চৌধুরী মনির অপর এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে সে বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটি প্রণীত সমীক্ষা প্রতিবেদনের ফলাফল থেকে ভূ-কম্পন ও এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস সম্পর্কে ধারণা অর্জন সম্ভব হবে। নোয়াখালী-১ আসনের সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র জানান, কষি চাষের সুবিধার্থে খাল খনন কর্মসূচির পরিকল্পনা সরকারের রয়েছে এবং পাশপাশি এর বাস্তবায়ন কাজও চলছে। গত অর্থবছরে সারাদেশে নদী/খাল পুনঃখনন ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ৮০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের অর্থ বরাদ্দ কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএআর/এইচএ/২২৩৬ ঘ.