নড়াইল, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে নড়াইলে শান্তি কমিটির চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
বুধবার দুপুরে সিনিয়র বিচারিক হাকিম মুসরাত জেরীনের আদালতে মামলাটি করেন উপজেলার তুলারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্যা।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানাকে নিদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সদর উপজেলার তুলারামপুর গ্রামের মওলানা সোলায়মান ওরফে মওলানা ফারুকী (৭০), বদরুজ্জামান (৬৫), আব্দুর সালাম মোল্যা (৭১), ফরহাদ সরদার (৫৮), আব্দুর রউফ সরদার (৬১), আব্দুর রউফ মোল্যা (৬৫) ও বোড়ামারা গ্রামের আব্দুর ছত্তার (৬৫)।
প্রধান আসামি মওলানা সোলায়মান বর্তমানে ঢাকার দক্ষিণখান থানার বাসিন্দা।
মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা পাকিস্তানী সেনাবাহিনীর সহায়তায় ১৯৭১ সালের ১৭ জুলাই সকাল সাড়ে ৭টায় বাদীর বাবা মোকাম মোল্যাকে তুলারামপুরের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে ২০ জুলাই সন্ধ্যায় নড়াইলের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অবস্থিত তৎকালীন পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করে।
আসামিরা ১৯৭১ সালে পাকবাহিনীর সহযোগী হিসেবে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে খুন, নারী ধর্ষণ ও লুটতরাজ করে বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন এসএম ফজলুর রহমান জিন্নাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24