ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপস হত্যাচেষ্টা মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি বজলুল হুদার ভাইপো আতাউল হুদাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে বঙ্গবন্ধু মামলার ফাঁসির চার আসামির পাঁচ স্বজন গ্রেপ্তার হলেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি দল ও আলমডাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে আতাউলকে গ্রেপ্তার করে।
বজলুল হুদার চাচাত ভাইয়ের ছেলে আতাউল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহবুব আলম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আতাউলকে ঢাকায় আনা হচ্ছে।
এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ, শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপন এবং মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া এ মামলায় ফ্রিডম পার্টির সদস্য আব্দুর রহিম এবং সফিউল্লাহ সফু নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
একই মামলায় গ্রেপ্তার করা হয় আরেক ফাঁসির আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকেও।
গত ১৮ অক্টোবর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও এতে আহত হন ১৩ জন।
প্রধানমন্ত্রীর ভাইপো তাপস পরদিন মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমআই/১৭০৫ ঘ.
bdnews24