২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধ

পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গভীর অরণ্যে শান্তিচুক্তির সমর্থক জনসংহতি সমিতি এবং বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রাঙামাটি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গভীর অরণ্যে শান্তিচুক্তির সমর্থক জনসংহতি সমিতি এবং বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার বিকাল থেকে সোমবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার আর্যপাড়ার গভীর অরণ্যে দুপক্ষের মধ্যে থেমে থেমে শতাধিক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। এ সময় লিসন চাকমা (৬০) নামে ইউপিডিএফ সমর্থক এক দোকানিকে জেএসএস সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে বলেও বিডিআর কর্মকর্তাদের বরাত দিয়ে ওই সাংবাদিকরা জানান। বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি মো. নঈম উদ্দীন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেছেন। ওসি তাকে জানিয়েছেন বন্দুক যুদ্ধে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে অপহরণের ঘটনা নিশ্চিত করতে পারেননি ওসি। স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, গভীর অরণ্যে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ'র বন্দুকধারীদের মধ্যে প্রায় দুদিন ধরে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। ওই সাংবাদিকরা আরও জানান, বাঘাইছড়ির মারিশ্যা জোনের বিডিআির এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সেখান থেকে ১৫টি গুলির খোসা উদ্ধার করেছে। বিডিআর কর্মকর্তাদের বরাত দিয়ে তারা জানান, জেএসএস'র সদস্যরা ইউপিডিএফ'র সমর্থক দোকানি লিসন চাকমাকে অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.