২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপত্তির মধ্যে ৪র্থ দফায় কালুরঘাট সেতুর দরপত্র গ্রহণ

মৃদু বিপত্তির মধ্য দিয়ে সোমবার বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন চট্টগ্রাম কালুরঘাট রেল ও সড়ক সেতুর চতুর্থ দফায় ডাকা ইজারা দরপত্র গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃদু বিপত্তির মধ্য দিয়ে সোমবার বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন চট্টগ্রাম কালুরঘাট রেল ও সড়ক সেতুর চতুর্থ দফায় ডাকা ইজারা দরপত্র গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ের পরে জোর করে বাক্সে দরপত্র জমা দেওয়ার অভিযোগে পুলিশ সিআরবি (চট্টগ্রাম রেল ভবন) এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূমি কর্মকর্তা মো. সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও দুটি প্রতিষ্ঠানের দরপত্র দলিলে পে-অর্ডার সংযুক্ত না থাকায় তা বাতিল করা হয়। অন্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণিমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বার্ষিক ২ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন। গত বছর এ সেতু ৪ কোটি ২৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। এর আগে কালুরঘাট সেতুর ইজারার জন্য তিনদফায় ডাকা দরপত্র নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রত্যাশিত দর না পাওয়ায় বাতিল করা হয়েছিল। কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত এই রেল ও সড়ক সেতুটি দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের মধ্যে সংযোগ রক্ষাকারী অন্যতম প্রধান সেতু। এবারের দরপত্রে ইজারা দর প্রায় অর্ধেকে নেমে আসার কারণ সম্পর্কে ভূমি কর্মকর্তা সিদ্দিক বলেন, তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে হওয়ায় কালুরঘাট সেতুর ইজারা দর কমে গেছে। নির্ধারিত সময়ের পরে দরপত্র জমা দিতে গিয়ে গ্রেপ্তার হন হামিদ হোসেন বাচ্চু (৩৬) ও মহররম আলী (২৭)। এ নিয়ে সিআরবিতে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে আর কোন হাঙ্গামা ছাড়াই দরপত্র গ্রহণের কাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তা। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর চট্টেশ্বরী রোডে বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থাপিত দরপত্র বাক্স সিলগালা করে সিআরবি কার্যালয়ে আনার পথে কয়েকজন যুবক জোর করে ওই বাক্সে দরপত্র জমা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হলে তারা আবার সিআরবিতে রাখা বাক্সে দরপত্র জমা দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ উল্লিখিত দুইজনকে গ্রেপ্তার করে। এ বছরের দরপত্র গ্রহণ প্রক্রিয়ায় সরকারী দলের সমর্থক ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের প্রভাব ও ভয়ভীতির কারণে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান আগের তিনদফা দরপত্রে অংশ নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে। তবে সোমবার চতুর্থ দফায়ও সরকারদলীয় স্থানীয় কর্মীদের প্রভাব এবং সিন্ডিকেটের কারণে ইজারা দর প্রত্যাশিত হয়নি বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন। এ বছরে ডাকা প্রথম দরপত্রে সর্বোচ্চ দর ছিল ১ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দফায় দর ওঠে ২ কোটি ৩১ লাখ, তৃতীয় দফায় দর নেমে আসে ২ কোটি টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসকে/১৯৫৫ঘ.