কিশোরগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরবকে জেলা করার সরকারের উদ্যোগের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতালে কিশোরগঞ্জ অচল করে দেয় এলাকাবাসী।
জেলার 'অখণ্ডতা' রক্ষার দাবিতে কিশোরগঞ্জ জেলা অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা হরতালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালতসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে চট্টগ্রামগামী মেইল ট্রেন এবং কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনে ভৈরবগামী ঈশা খাঁ এক্সপ্রেস আটকা পড়ে। এ ছাড়া নিকলী ও বাজিতপুরে সব ধরনের নৌ চলাচলও বন্ধ ছিল।
এ কারণে রাষ্ট্রপতি, স্পিকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জেলার সঙ্গে ঢাকা ও ময়মনসিংয়ের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকে।
কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট ভানু লাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি জানান, বাজিতপুরে হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬০) মারা গেছেন।
মহাসড়কের অন্তত ২৫টি স্থানে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
হরতাল শেষে সন্ধ্যার পর দোকানপাট খোলে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলোও ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশে।
জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরব থেকে নির্বাচিত হন। তিনি আসনটি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে তার ছেলে নাজমুল হাসান (পাপন) নির্বাচিত হন।
ভৈরব নিয়ে হরতাল পালনের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাজমুল বলেন, "বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার মনে হয়, বেশি আগে আগে সব কিছু হয়ে যাচ্ছে।
"এখনই এত হুলস্থুল করার কিছু নেই। সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর এত কঠোর মনোভাব দেখানোর কোনো কারণ নেই। সরকার সব দেখে শুনে সঠিক সিদ্ধান্ত নেবে।"
সকাল থেকেই হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল হয়। ভৈরব ছাড়া জেলার বাকি ১২টি উপজেলায় হরতাল পালিত হয়েছে।
বেলা পৌনে ১১টায় শহরের গাটাইলে একদল বিক্ষোভকারী রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ায়।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদের এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস বলেন, "জেলার জনগণ কোনোভাবেই কিশোরগঞ্জের বিভক্তি মেনে নেবে না।"
জেলার 'অখণ্ডতা' রক্ষার দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"
নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর, কটিয়াদী ও ভৈরব- এ পাঁচটি উপজেলা নিয়ে প্রস্তাবিত ভৈরব জেলা গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৫ দিন ধরে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় লাগাতার বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/ডিডি/এমএসবি/২৩১৯ ঘ.
bdnews24