ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় বিধিমালা এবং শ্রম আইন সংশোধনে দুটি বিল রোববার সংসদে উপস্থাপন করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার ২০০৬ সালে প্রণীত সরকারি ক্রয় বিধিমালা (দ্বিতীয় সংশোধন) বিল ২০০৯ উপস্থাপন করেন।
পরে স্পিকার আব্দুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠান। আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এ আইনের প্রয়োগ আরও সহজ করতে অনধিক ২ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে কোন দরদাতা দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের ৫ শতাংশের অধিক কম বা বেশি দর দিলে ওই দরপত্র বাতিল বলে গণ্য, এ অর্থসীমা পর্যন্ত সর্বনিু মূল্যায়িত দরের সমতা হলে সর্বনিু মূল্যায়িত দরদাতা নির্ণয়ের জন্য লটারির প্রয়োগ বিবেচনা করা এবং ব্যক্তির যোগ্যতা নির্ধারণে অতীতের ক্রয় কার্যের অভিজ্ঞতার প্রয়োজন না হওয়া, আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে দেশীয়দের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক না করা এবং ক্রয়কারী কার্যালয় প্রধানের সংজ্ঞায় নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রম আইন সংশোধন
শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০০৯ বিল সংসদে উপস্থাপন করেন।
১৯ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন ও ২২ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিলটি সংসদে উত্থাপিত হল।
স্পিকার বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। মন্ত্রী কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তাব করেছেন।
চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রেড ইউনিয়ন সংখ্যা সীমিত করা এবং ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করাসহ বন্দর কর্তৃপক্ষগুলোয় শ্রমিক-কর্মচারীদের জন্য একটি করে এবং বন্দর ব্যবহারকারী, বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের সমষ্টিগতভাবে শুধু একটি ট্রেড ইউনিয়ন গঠন এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ স্থানান্তর নিশ্চিত করার বিধান প্রবর্তনের জন্য এ আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমএইচসি/পিসি/এএল/এসকে/২২২৯ঘ.
bdnews24