বাগেরহাট, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে রোববার সকালে বাগেরহাটে নয় শিশু অসুস্থ হয়ে পড়েছে। তারা জেলার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলার আর কোথাও কৃমিনাশক খেয়ে শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি বলে সিভিল সার্জন কার্যালয় জানায়।
অসুস্থরা হল- সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাসেল, চতুর্থ শ্রেণীর হালিমা খাতুন, ঝুমুর আক্তার, ইমরোজ, তালিম শেখ, রাবেয়া খাতুন, তৃতীয় শ্রেণীর সাদিক, দ্বিতীয় শ্রেণীর নাজিরা এবং প্রথম শ্রেণীর তৌহিদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে ওষুধ খাওয়ানো শুরু করার কিছুক্ষণের মধ্যেই শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের বমি বমি ভাব, মাথা ব্যাথা ও পেট ব্যথা দেখে দেয়। সঙ্গে সঙ্গে তাদের হাসাপাতালে নেওয়া হয়।
সিভিল সার্জন ডা. সুবাস কুমার সাহা জানান, অসুস্থ শিশুদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
একইদিন জেলায় ৬-১২ বছর বয়সী প্রায় আড়াই লাখ শিশুকে এই ওষুধ খাওয়ানো হয়। অন্য কোথাও এমন সমস্যা হয়নি বলে তিনি জানান।
সিভিল সার্জন বলেন, এ ঘটনা তদন্তে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল হান্নানকে প্রধান করে এবং ডা. শহিদুল ইসলাম ও ডা. মেহেরুলকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
আগামী সাতদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
দুপুরে জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইন ও সিভিল সার্জন হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24