২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তাদের গরীবের জন্য কিছু করার আন্তরিকতা নেই'

জাতীয় সংসদে দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি-২) খসড়ার ওপর আলোচনায় বিরোধী দলের অনুপস্থিতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সংসদে দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি-২) খসড়ার ওপর আলোচনায় বিরোধী দলের অনুপস্থিতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, "তাদের গরীব মানুষের জন্য ভালো কিছু করার আন্তরিকতা নেই। এ জন্য বিরোধী দল সংসদে আসেনি। তারা আসলে আমি খুশি হতাম।" জাতীয় এ নীতিমালা নিয়ে আলোচনায় অংশ নেওয়া বিরোধী দলের উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। রোববার রাতে জাতীয় সংসদ অধিবেশনে দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি) খসড়ার ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, "আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করতে চাই। এরই মধ্যে পিআরএসপি প্রণয়ন করেছি। আর সংসদে আজ এ নিয়ে আলোচনা হচ্ছে- এটা বিরল দৃষ্টান্ত।'' উন্নয়নের ক্ষেত্রে যৌথ অংশীদারিত্ব, মঙ্গা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা, নদী সিকস্তি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশের উন্নয়নে পানি সম্পদের ব্যবহার প্রভৃৃতি বিষয়ে খসড়া কৌশলপত্রে গৃহীত বিশেষ ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংসদে উপস্থাপন করা হয়। সরকার ২০১০-১১ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অর্ন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে পিআরএসপি-২ বাস্তবায়ন করতে চায়। পিআরএসপি-২ এর শিরোনাম দেওয়া হয়েছে, 'পরিবর্তনের পথে যাত্রা: দারিদ্র্য বিমোচনে জাতীয় কৌশলপত্র।' স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পিআরএসপি-২ এর ওপর ২৩ জন সাংসদ প্রায় চার ঘন্টা আলোচনা করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৩৮ মিনিট বক্তব্য দেন। সূচনা বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আগামী ডিসেম্বরের মধ্যে এ কৌশলপত্র চূড়ান্ত করা হবে বলে সংসদকে জানান। তিনি এ ব্যাপারে সাংসদদের সুনির্দিষ্ট পরামর্শও আহবান করেন। সরকার দলীয় সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশটাকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। নানা ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। কিন্তু জনগণের আস্থা আমাদের ওপর রয়েছে।'' 'ষড়যন্ত্র ও অপপ্রচার' মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে তাদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। এ সহযোগিতা পেলে যত বাধাই আসুক সব অতিক্রম করে দেশকে উন্নত ও দারিদ্র্যমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, ''দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবো।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২০২১ সালের মধ্যে বিশ্বসভায় মাথা উঁচু করে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, "আমাদের রাজনীতি তেলা মাথায় তেল দেওয়ার জন্য নয়, সাধারণ মানুষের জন্য। বিভিন্ন সময়ে সামরিক শাসন, মিলিটারি শাসন এবং বিচিত্র সব সরকার ক্ষমতায় এসেছে। অতীতে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য কিছু মানুষকে টাকা-পয়সা দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা মন্তব্য করেন এজন্য এ দেশে গণতন্ত্র নিরবচ্ছিন্নভাবে টিকে থাকতে পারেনি।' গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের নেওয়া রেশনিং ব্যবস্থা, যানজট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিসের সময়সূচি পুনর্র্নিধারণ, রাজধানীতে দ্বিতল রাস্তা, ছয়টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাসহ বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে তার সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, "ইতিমধ্যে ঘন ঘন লোডশেডিং কমেছে। তবে আগের সরকারগুলোর অব্যবস্থাপনার কারণে আমাদের এখনো গাল খেতে হয়। সেসব জঞ্জাল আমাদেরই সাফ করতে হচ্ছে।" জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের কথা ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, "জলবায়ু পরিবর্তনের জন্য আমরা নই, দায়ী উন্নত দেশগুলো। এ বিষয়টি আমি জাতিসংঘে তুলে ধরে ক্ষতিপূরণ দাবি করেছি।" দুর্যোগ মোকাবেলায় দেশের নদীগুলো খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের জন্য সাত শ' কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।" এ ছাড়া বহুমাত্রিক সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমএইচসি/পিসি/এসএইচ/এসকে/২২৪৪ ঘ.