২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পিআরএসপি খসড়ার ওপর সাধারণ আলোচনা

জাতীয় সংসদে দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি) খসড়ার ওপর রোববার সাধারণ আলোচনা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এই খসড়া কৌশলপত্রটি চূড়ান্ত করতে সাংসদদের পরামর্শ আহবান করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি) খসড়ার ওপর রোববার সাধারণ আলোচনা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এই খসড়া কৌশলপত্রটি চূড়ান্ত করতে সাংসদদের পরামর্শ আহবান করেন। গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংসদে উপস্থাপন করা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংশোধিত কৌশলপত্রের ওপর আলোচনা হয়। আলোচনার সূচনা বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার আগামী ডিসেম্বরের মধ্যে কৌশলপত্রটি চূড়ান্ত করা হবে বলে সংসদকে জানান। এ ব্যাপারে তিনি সাংসদদের কাছে সুনির্দিষ্ট পরামর্শ আহবান করেন। পরিকল্পনামন্ত্রী বলেন,'' দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রটি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হলেও এর মেয়াদ হবে ২০০৯ সালের জুলাই থেকে ২০১১ এর জুন পর্যন্ত জুন পর্যন্ত। এই মেয়াদে ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১০-১১ থেকে ২০১৫) প্রথম বছরের কাজ হিসেবে বিবেচনা করা হবে। '' তিনি বর্তমান সরকারের কর্মকৌশল উপস্থাপন করে বলেন,'' সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে ২০১০-২০২১ সাল পর্যন্ত দারিদ্র্য নিরসনে কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করছে।'' এর পর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের ইদ্রিস আলী, মুস্তফা ফারুক মোহাম্মদ, নারায়ণ চন্দ্র চন্দ, শাহিন মনোয়ারা হক, জুনায়েদ আহমেদ পলক, আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচসি/এসকে/২১১০ঘ.