২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃক এ তিব্বত বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে পুলিশের বাধা

পুলিশি বাধার মুখে রোববার রাজধানীর দৃক গ্যালারিতে তিব্বত বিষয়ক এক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারেনি। পরে দৃক গ্যালারি ভবনের গেটের বাইরে প্রধান অতিথি অধ্যাপক মোজাফফর আহমেদ 'ইনটু এক্সাইল টিবেট ১৯৪৯-২০০০' শীর্ষক এ প্রদর্শনীর অনানুষ্ঠানিক উদ্বোধন করেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার মুখে রোববার রাজধানীর দৃক গ্যালারিতে তিব্বত বিষয়ক এক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারেনি। পরে দৃক গ্যালারি ভবনের গেটের বাইরে প্রধান অতিথি অধ্যাপক মোজাফফর আহমেদ 'ইনটু এক্সাইল টিবেট ১৯৪৯-২০০০' শীর্ষক এ প্রদর্শনীর অনানুষ্ঠানিক উদ্বোধন করেন । তবে পুলিশ গেটে তালা লাগিয়ে দেওয়ায় দর্শকরা কেউ প্রদর্শনীতে ঢুকতে পারেননি। এ সময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মোজাফফর আহমেদ গণতন্ত্রের স্বার্থে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলেই জাতিসংঘ যে এক বিশ্বের আদর্শের কথা বলে তা প্রতিষ্ঠা হবে। 'স্টুডেন্ট ফর এ ফ্রি টিবেট' নামের এক সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে। এতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ভারতের ধর্মশালায় নির্বাসন যাত্রার ঐতিহাসিক বেশ কিছু দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম জানান, নির্ধারিত উদ্বোধন সময় বিকেল সাড়ে পাঁচটার ঘন্টাখানেক আগে পুলিশ এসে তাকে 'সরকারের নির্দেশ' অনুযায়ী এ প্রদর্শনী বন্ধ করতে বলে। অন্যথায় তারা বলপ্রয়োগ করে তা বন্ধের ব্যবস্থা করবে। গত দু'দিন ধরে এ প্রদর্শনী বন্ধের জন্য আইন প্রয়োগকারী সংস্থা দৃক কর্তৃপক্ষকে চাপ দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। পরে বিকেল পৌনে ৬টার দিকে গ্যালারির গেটের বাইরেই বিপুল সংখ্যক সাংবাদিক ও দর্শকের উপস্থিতিতে প্রদর্শনীর অনানুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক মোজাফফর আহমেদ। পুলিশ এর কিছু আগেই গেটে তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত পরশুদিন (শুক্রবার) ঢাকাস্থ চীনা দূতাবাসের দু'জন কর্মকর্তা এসে প্রদর্শনীটি বন্ধ করতে বলেন। তারা যুক্তি দেখান, 'এক চীন নীতির' ব্যাপারে বাংলাদেশের অবস্থানের সঙ্গে এই প্রদর্শনীর বিষয়বস্তু সঙ্গতিপূর্ণ নয়। শহীদুল আলম বলেন, সরকারের উর্ধতন মহল থেকে এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পুলিশ কর্মকর্তারা প্রদর্শনী না করার পরামর্শ দিলে তিনি তাদের কাছে সরকারের লিখিত নির্দেশের কপি চান। কিন্তু তারা তা দেখাতে অস্বীকৃতি জানান। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, অনুমতি না নিয়েই দৃক এ ধরণের প্রদর্শনীর আয়োজন করেছিল। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এর আগে এধরণের যেসব প্রদর্শনী হয়েছে তা আগে থেকেই অনুমতি নিয়ে হয়েছে। তবে অনুমতি প্রসঙ্গে দৃক এর বক্তব্য, প্রতিষ্ঠার ২০ বছরে তারা অসংখ্য প্রদর্শনী করেছে যেজন্য পূর্ব অনুমতির প্রয়োজন হয়নি। প্রদর্শনীর সময় শেষ হওয়ার পর রাত পৌনে নয়টার দিকে দৃক এর গেটের তালা খুলে দেয় পুলিশ। তবে তখনো পুলিশ প্রহরা থেকে যায়। প্রদর্শনীতে আলোকচিত্রের মধ্য দিয়ে তিব্বতীদের নিজ ভূমি থেকে উৎখাত হয়ে পরবাসের জীবন এবং আন্দোলন চিত্রিত হয়েছে। প্রদর্শনীটি আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এলএইচ/এসকে/২০৫৬ঘ.