ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গিতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সরকার কোনো লাশের খবর পায়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তবে স্থানীয়রা দাবি করছে, এ ঘটনায় কমপক্ষে ছয়জন নিখোঁজ রয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ওই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হন।
মন্ত্রী এ ঘটনায় আহতদের দেখতে প্রথমে বিকালে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।
ঢামেক হাসপাতাল থেকে বেরিয়ে পুলিশের গুলিবর্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "পুলিশ যদি নির্বিচারে গুলি চালিয়ে থাকে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি তদন্ত করে দেখা হবে।"
সাহারা বলেন, "টঙ্গিতে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিজিএমইএ নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছেন।
মন্ত্রী বিজিএমইএ নেতাদের উদ্ধৃত করে জানান, গার্মেন্টসটির কোনো বেতন-ভাতা বকেয়া ছিল না।
এরপরও কেন প্রতিষ্ঠানটিতে লে-অফ ঘোষণা করা হলো- তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় কতজন নিহত হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাহারা বলেন, "কেউ নিহত হয়েছে বলে আমার জানা নেই। পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। পুলিশ সদস্যদের রাজারবাগ হাসপাতালে আমি দেখে এসেছি। অন্যদের এখানে দেখে গেলাম।"
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার দূরে এরশাদনগর এলাকার মহাসড়ক লাগোয়া নিপ্পন গার্মেন্টেসের শ্রমিকদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় পুলিশের সংঘর্ষ হয়।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৮টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরুর পর সড়কে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২১৪৫ ঘ.
bdnews24