২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে কলেজ অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোহফা বেগমের (৪৯) ঝুলন্ত লাশ শুক্রবার ভোরে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

নীলফামারী, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর সৈয়দপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোহফা বেগমের (৪৯) ঝুলন্ত লাশ শুক্রবার ভোরে উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর সদরের নয়াবাজার এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শোবার ঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তোহফা বেগমের লাশ উদ্ধার করা হয়। তার কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে যাতে তিনি আত্মহত্যা কথা লিখে গেছে। আর আত্মহত্যার জন্য কলেজের সাবেক সভাপতি, তার ভাই ও কলেজের এক অফিস সহকারীকে দায়ী করে গেছেন। পুলিশ চিঠিটি জব্দ করেছে। লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার বিকেলে নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আত্মহত্যার জন্য তোহফা বেগম যাদের দায়ী করে গেছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্ ানেওয়া হবে।" তিনি জানান, তোহফা বেগম কলেছে প্যাডে লেখা চিঠিতে বলেছেন, "আমার মৃত্যুর জন্য কলেজের সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, তার ভাই রশিদুল হক সরকার ও কলেজের অফিস সহকারী ইসমাইল হোসেন দায়ী"। চিঠিতে তিনি সই ও সিল করেছেন। ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সৈয়দপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোহফা বেগম শহরের নয়াবাজার এলাকার আখতার হোসেনের স্ত্রী। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, তার ভাই রশিদুল হক সরকার ও কলেজের অফিস সহকারী ইসমাইল হোসেন পরস্পর যোগসাজশে কলেজের তহবিল থেকে কমপক্ষে ২০ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে। অধ্যক্ষ তোহফা বেগম বর্তমান কমিটিকে টাকার হিসেব দিতে পারছিলেন না। ওই তিনজনের কাছে বার বার ধর্না দিয়েও তিনি ওই টাকা কলেজের তহবিলে জমা করাতে ব্যর্থ হন বলে জানা গেছে। কলেজের সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোহফা বেগমের এ রকম মৃত্যু কোনভাবেই কাম্য নয়। মৃত্যুর জন্য যদি তিনি আমাকে দায়ী করে যান, তাহলে তার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমার বিচার হওয়া উচিত।" কলেজের সভাপতি মোকছেদুল ইসলাম বলেন, "তোহফা বেগম সদালাপী ও দায়িত্বশীল অধ্যক্ষ ছিলেন। তার অস্বাভাবিক ও অকালমৃত্যু কোনভাবেই কাম্য নয়। মৃত্যুর জন্য তিনি যাদের দায়ী করে গেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে আর কোন শিক্ষকের এভাবে মৃত্যু না হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.