রাজশাহী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বুধবার এক আদিবাসী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কার্তিক কিস্কু (৬৫) স্থানীয় আদিবাসী সংগঠন 'আদিবাসী পরগনা পরিষদ' এর মোড়ল ছিলেন।
তার পরিবারের সদস্যরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে গোগ্রাম ইউনিয়নের জয়দা আদারপাড়া গ্রামের একটি খাড়িতে কার্তিকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, "বুক ও পিঠসহ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাতের কোনো সময় তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
এ ঘটনায় নিহতের ছেলে নির্বাণ কিস্কু বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন।
জাতীয় আদিবাসী পরিষদ নেতা গনেশ মাঝি এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএনএস/এসকে/২৩৩৪ঘ.
bdnews24