২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড

জঙ্গি তৎপরতা চালানোর অপরাধে বগুড়ায় জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) পাঁচ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

বগুড়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতা চালানোর অপরাধে বগুড়ায় জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) পাঁচ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে। বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শীষ মোহাম্মদ ওরফে শীশু (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনি মধ্য পাড়ার মামুনুর রশিদ ওরফে ফারুক (২৮), নীলফামারীর সুখধন গ্রামের আশরাফুল ইসলাম ওরফে আশরাফ ওরফে আব্বাস খান ওরফে আরাফাত (২২), বগুড়ার নন্দিগ্রাম উপজেলার সোহাদীপাড়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মুনসুর (৩৩) এবং রাজশাহীর বাগমারার কয়রা গ্রামের আদনান সামী ওরফে জাহাঙ্গীর আলম ওরফে মোখলেছার রহমান (২২)। মামলার নথি থকে জানা যায়, ২০০৬ সালে ১৯ জানুয়ারি র‌্যাবের একটি দল বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একইদিন গ্রেপ্তার করে আব্দুল মান্নানকে। মান্নানের স্বীকারোক্তি মতে শীষ মোহাম্মদের বাড়িতে অভিযান চালানো হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে আরও দু'জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তবে শীষ মোহাম্মদকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শীশ মোহাম্মদের বাড়ি থেকে ওইদিন সালফার, গান পাউডার, ডেটোনেটর, চক পাউডার এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। একইদিন পাঁচজনের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরোক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার ওসি নূরুল ইসলাম এ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুল হক সবুজ বলেন, মামলার চার আসামি গ্রেপ্তার হলেও শীশ মোহাম্মদ ওরফে শীশু এখনও পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.