ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অফিস ও মিডিয়ার মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন একটি কর্মশালার বক্তারা।
মঙ্গলবার হোটেল শেরাটনে 'মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অফিস এবং মিডিয়া: স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে একসঙ্গে কাজ করা' শীর্ষক এক কর্মশালায় এ তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউএসএইড ও প্রগতির পরামর্শক এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের সাবেক অনুসন্ধানী প্রতিবেদক র্যালফ ফ্রামোলিনো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এর অফিস ও মিডিয়া উভয়েই ওয়াচডগের ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ দুয়ের মধ্যে যোগাযোগ খুবই কম।
ফ্রামোলিনো বলেন, সিএজি অফিস থেকে ৭০০'র মতো প্রতিবেদন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পাঠানো হয়েছে। সাংবাদিকরা তথ্য অধিকার আইনের প্রয়োগ করে এসব প্রতিবেদন চাইতে পারে এবং এ থেকে সংবাদ তৈরি করতে পারে।
তিনি সিএজি অফিসকে মিডিয়া বান্ধব হওয়ার পরামর্শ দেন। এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সিএজি অফিসকে সাংবাদিকতার আলাদা একটি বিট হিসেবে নিতে হবে।
ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম বলেন, সিএজি অফিস মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতে পারে এবং সাংবাদিকদের কাছে তাদের প্রতিবেদন দিতে পারে।
সাংবাদিকদের তথ্য দেওয়ার সুবিধার জন্য সিএজি অফিসে জনসংযোগ কর্তকর্তা নিয়োগ করাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা পরামর্শ দেন। তারা আরও বলেন, সিএজি অফিস যেহেতু জনগণের অর্থ খরচের বিষয়ে নিরীক্ষা করে তাই মিডিয়ার কাছে তাদের তথ্য প্রকাশ করতে কোনও বাধা থাকা উচিত নয়।
পরবর্তীতে সংবাদ সম্মেলন করার আশ্বাস দিয়ে সিএজি আহমেদ আতাউল হাকিম বলেন, "মিডিয়ার সঙ্গে শেয়ার করতে আমাদের কোনো বাধা নেই। আমরা রিপোর্ট তৈরি করে রাষ্ট্রপতিকে এবং তারপর সংসদে পাঠাই। পরবর্তীতে এ দুটি ধাপের পর অবশ্যই সংবাদ সম্মেলন করার উদ্যোগ নেবো এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ আরো বাড়াবো।"
তিনি দাবি করেন, বাংলাদেশে যে অফিসগুলো ভালোভাবে চলছে সিএজি অফিস তার অন্যতম। এ অফিস সম্পর্কে দুর্নীতির অভিযোগ নেই।
ইউএসএইড ও প্রগতির (প্রমোটিং গভর্নেন্স, অ্যাকাউন্টিবিলিটি, ট্র্যান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন ফিনান্সিয়াল এক্সপ্রেস বাংলাদেশের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24