মেহেরপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন।
জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মিজানুর রহমানের আদালত থেকে রোববার দুপুরে তারা জামিন পান বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ফরিদপুরের আলফাডাঙা উপজেলার আলী আহমদের ছেলে ঢাকা কমার্স কলেজের প্রভাষক রেজাউল আহমেদ, সিলেটের সাইদুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান চন্দন, জামালপুরের হাড়িয়াবাড়ি এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে নূর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, বাগেরহাটের রামপাল উপজেলার আলোকদিয়া এলাকার সত্য সুন্দর সরকারের ছেলে মধুসূদন সরকার, মাগুরার শ্রীপুর উপজেলার টুপীপাড়া গ্রামের শফিউল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শপেরচড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম মিন্টু।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পরদিন দুপুর ১২টার দিকে আদালত থেকে তারা জামিন পান।
ওসি জানান, আটককৃতদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হয়েছিল।
ঢাকা কমার্স কলেজের প্রভাষক রেজাউল আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এসে নিজেদের বিশ্ব শান্তি আহ্বান সমিতির সদস্য বলে পরিচয় দেন। হিযবুত তাহরীর'র সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা তিনি অস্বীকার করেন।
তিনি জানান, তারা মেহেরপুর বেড়াতে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জিএনএ/২২২৫ ঘ.
bdnews24