২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির চারুকলা ও নাট্যকলা বিভাগ নিয়ে নতুন ইনস্টিটিউট

দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নাট্যকলা বিভাগকে এক করে ইনস্টিটিউট করা হলো। এর নাম 'ইন্সটিটিউট অফ ফাইন আটর্স'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নাট্যকলা বিভাগকে এক করে ইনস্টিটিউট করা হলো। এর নাম 'ইন্সটিটিউট অফ ফাইন আটর্স'। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিন্ডিকেট সভার প্রতিবেদন ও প্রশাসনিক তথ্য থেকে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নাট্যকলা বিভাগকে ইনস্টিটিউটে রূপান্তরের দাবিতে ১৯৯৯ সালের ১১ মার্চ তৎকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে একটি গেজেট প্রকাশ করে। কিন্তু সে সময় এর বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ বাদী হয়ে মামলা করেন। ফলে এ প্রক্রিয়া থমকে যায়। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরীতে এই দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অন্য বিভাগের ছাত্রছাত্রী ও সংস্কৃতি কর্মীরা মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে। এরপরও বিষয়টির সুরাহা হয়নি। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নানা প্রশাসনিক জটিলতার অজুহাতে চবি চারুকলা বিভাগে নতুন ছাত্রছাত্রী ভর্তি ও শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয়। এর কিছুদিন পর বন্ধ করে দেওয়া হয় নাট্যকলা বিভাগও। এর ফলে নগরীর সরকারি চারুকলা কলেজ থেকে বিএফএ (ব্যাচেলর অফ ফাইন আর্টস) ডিগ্রি পাশ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় সে সময় ১৫০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে। এরপর ২০০২ সালের ২০ জুলাই ইনস্টিটিউট করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অধ্যাপক আবদুল্লাহ খালিদের রিট পিটিশন হাইকোর্ট খারিজ করে দেয়। ১৯৯৭ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩২১ তম সিন্ডিকেটের বিশেষ সভায় চারুকলা বিভাগকে ইন্সটিটিউট না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০০২ সালের ২৯ জুলাই সিন্ডিকেট ওই সিদ্ধান্ত বাতিল করে দেয়। ফলে এই দুই বিভাগকে নিয়ে ইন্সটিটিউট করার প্রক্রিয়ায় প্রশাসনিক ও আইনগত বাধা দূর হয়। অবশেষে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলা ও নাট্যকলা বিভাগ নিয়ে নতুন ইনস্টিটিউট চালুর বিষয়টি চূড়ান্ত করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের পট পরিবর্তনসহ একটি বিশেষ মহলের বিরোধিতায় এতদিন চারুকলা ও নাট্যকলা বিভাগকে নিয়ে ইন্সটিউটিউট করার উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি জানান, রোববার সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখন থেকে এই দুই বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ইন্সটিটিউট 'ইন্সটিটিউট অফ ফাইন আটর্স'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমইউএস/এইচএ/২১২৭ ঘ.