চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চানপুর গ্রামে রোববার রাতে ডাকাতের গুলিতে এক মুদি দোকানদার নিহত হয়েছেন।
বদিউল আলম (৪৫) নামে ওই দোকানীর বাড়ি চানপুর গ্রামেই।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত তিনটার দিকে ওই গ্রামের আহমদ ছফার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় গৃহকর্তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকলে বদিউল গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবদুর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/এসকে/১৮২৮ঘ.
bdnews24