ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার জন্য বারবার অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান।
রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত 'বর্তমান বিনিয়োগ পরিস্থিতি ও করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীারা উদ্বেগ প্রকাশ করেন। আগে এ পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও এখন আবার তা খারাপ হচ্ছে বলে অভিযোগ করে তারা জানান, এটা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
এর জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "বিডিআর এর ঘটনা, এনসিটিবিতে আগুন, সাংসদ তাপসের ওপর হামলা করে এ সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করার চেষ্টা চলছে।"
আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভাল রয়েছে দাবি করে তিনি বলেন, "বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার। সরকার এ ব্যাপারে কাজ করছে। এ নিয়ে বর্তমান সরকার কোন রাজনীতি করছে না। আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
মন্ত্রী বলেন, "আইনের শাসন চাইলে যুদ্ধাপরাধ, বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা, জিয়া হত্যা, একুশে আগস্ট হত্যার বিচার করতে হবে। দেশে আইনের শাসন জারি হয়েছে এটি জনগণকে বোঝাতে হবে।"
ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, "ভবিষ্যতে সুদের হার 'সিঙ্গেল ডিজিটে' নামিয়ে আনার চিন্তা আছে। তবে এক্ষেত্রে সঞ্চয়ের যাতে কোন সমস্যা না হয়, সে বিষয়টিও বিবেচনা করা হবে।"
বিনিয়োগের অবকাঠামো নির্মাণের জন্য বর্তমান সরকার প্রথম বছরে অনেকগুলো বড় প্রকল্প নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সরকারের দ্বিতীয় বছরেও অনেক প্রকল্প নেওয়া হবে। বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সরকারের নীতি পরিষ্কার।
গ্যাসসঙ্কটের কারণে শিল্প বিনিয়োগ স্থবির হয়ে পড়ছে ব্যবসায়ীদের এমন মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, "দেশের মানুষের জন্য গ্যাস উত্তোলন করা হবে। এ বিষয়ে কারও ভিন্নমত থাকতে পারে। তবে উৎপাদন বন্টন চুক্তিতে (পিএসসি) কোথায় সমস্যা আছে, তা তাদের প্রমাণ করতে হবে।"
ব্যবসায়ীদের একটি ছোট অংশের মুনাফাখোরী মনোভাবের জন্য দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের সমালোচনা করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "দেশে সঞ্চয় বাড়ছে-বিনিয়োগ কমছে। নিজেদের মানুষ বিনিয়োগ না করলে বিদেশি ব্যবসায়ীরা আসবে না।"
বর্তমান সরকার পরিকল্পনা করলেও বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কিছুদিন আরও খারাপ ছিল। মাঝখানে কিছুটা ভালো হলেও এখন আবার খারাপ হচ্ছে। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।"
তিনি বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের ইমেজ বাড়ানোর ওপর জোর দিতে সরকারের প্রতি আহবান জানান।
একই সঙ্গে বিনিয়োগ পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলের প্রতি আহবান জানান। তিনি বলেন, "তারা পদক্ষেপ নিক, তাহলে রাস্তায় সংঘর্ষ হবে না।"
বিসিআই পরিচালক ও সরকার দলীয় সাংসদ জাহিদ মালেক স্বপন বলেন "দুর্নীতি ও আমলাতন্ত্রের মারপ্যাচ না কমালে বিদেশি বিনিয়োগ তো আসবেই না, দেশীয় প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে।"
বিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, "সবাই এখন জমি নিয়ে ব্যবসা করছে। শিল্পে বিনিয়োগে এগিয়ে না এলে পরিস্থিতির উন্নতি ঘটবে না।"
আগের সরকারগুলো নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, " ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সার্বিক কোন নীতি এখন পর্যন্ত করা হয়নি।"
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম বলেন, "বিদেশি বিনিয়োগ এলে দেশ দুধ-মধুতে ভেসে যাবে এ ধারণা ভুল। এজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিদেশি বিনিয়োগ টানতে সরকারের বিভিন্ন সংস্থার 'দেন দরবারের' ক্ষমতা বাড়াতে হবে।"
বিসিআই এর সদস্য ওবায়দুর রহমান বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। এদিকে সরকারের নজর দিতে হবে।"
বিসিআই সভাপতি শাহেদুল ইসলাম হেলালের সভাপতিত্বে এ আলোচনা সভায় 'বর্তমান বিনিয়োগ পরিস্থিতি ও ভবিষ্যত করণীয়' শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন সিটি ব্যাংক এনএ এর চিফ কান্ট্রি অফিসার মামুন রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২২৪০ ঘ.
bdnews24