রংপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রস্তাবিত মডেল পিএসসি-২০০৮ চুক্তিকে অবৈধ আখ্যায়িত করে জাতীয় সম্পদ রক্ষার স্বার্থে চুক্তিটি বাস্তবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "সরকার দেশের জাতীয় সম্পদ রক্ষা না করে চুক্তি বাস্তবায়ন করলে হরতাল ও অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে তেল গ্যাস রক্ষা কমিটি। তাই আমরা আশা করব সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকবে।"
রোববার রংপুর টাউন হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এই কথা বলেন।
তিনি বলেন, "এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দিয়েছিলেন দেশের প্রাকৃতিক সম্পদ ৫০ বছরের জন্য মজুত রেখে তারপর রপ্তানির চিন্তা করবেন। কিন্তু এবার সরকার সেই ওয়াদা রক্ষা করছে বলে মনে হচ্ছে না।"
তেল-গ্যাস-কয়লা বিদেশে রপ্তানি নিষিদ্ধ করার জন্য তিনি সংসদে বিল উত্থাপন করবেন বলে জানান।
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেনন বলেন, "আমরা চলতি বছরের ডিসেম্বর থেকে শিক্ষানীতি বাস্তবায়ন করতে চাই। এ জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা সাধারণ সম্পাদক মাজেরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান মানিক, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম হাক্কানী প্রমুখ।
এর আগে মেনন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১১ ঘ.
bdnews24