ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোন মূল্যে আগামী শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ডা. এম এন নন্দী স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আমরা বিনামূল্যে বই দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তাই এমনিতেই আমাদের কাজের চাপ ছিলো তুলনামূলক বেশি। এরপর এনসিটিবির গুদামে আগুন আমাদেরকে অনেক পিছিয়ে দেয়।"
নাহিদ জানান, বাড়তি কাজ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে হচ্ছে।
" যে কোন মূল্যে আমরা যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেব", বলেন মন্ত্রী।
প্রকাশনা উৎসবে মন্ত্রী বলেন "৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হলেও দেশ শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও পশ্চাদপদতার চক্র থেকে মুক্ত হয়নি।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক ফয়েজ আহমেদ, কামাল লোহানী, সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৪৮ঘ.
bdnews24