ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকশাবর্হিভূতভাবে গাড়ি পার্কিং এর স্থানে অবৈধভাবে ব্যবসা ও দোকান নির্মাণের অভিযোগে মিরপুরে কয়েকটি মার্কেটে অভিযান চালিয়ে কয়েকশ' দোকান ভেঙে দেওয়া হয়েছে।
রোববার দুপুর ১২টা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট রোকন-উদ- দৌলার নেতৃত্বে রাজউক, বিপুল সংখ্যক শ্রমিক ও পুলিশের একটি দল এই অভিযান শুরু করে।
রোকন-উদ-দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি মার্কেট ভবনে অবশ্যই গাড়ি পার্কিং এর জায়গা থাকতে হবে। রাজউক এভাবে মার্কেট নির্মাণের নকশার অনুমোদন দেয়। কিন্তু অনেক মার্কেট মালিক নকশার ব্যতিক্রম ঘটিয়ে নিয়মবর্হিভূতভাবে গাড়ি পার্কিং এর স্থানে দোকান নির্মাণ করে ব্যবসা করে।"
তিনি জানান, দুপুর ১২টায় মিরপুর-১ এলাকায় অভিযান শুরু করা হয়। প্রথমে সুইডেন প্লাজায় অভিযান চালানো হলে দেখা যায়, সেখানে পার্কিং এর স্থানে গোডাউন নির্মাণ করা হয়েছে। সেগুলো ভেঙে দেওয়া হয়।
তিনি বলেন, "এর সামনের একটি ভবনে পাঁচটি দোকানের মধ্যে দু'টির বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকায় কিছু করতে পারিনি। তবে অপর তিনটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।
"এরপরে প্রিন্স হোটেলের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালাতে গেলেও আদালতের স্থগিতাদেশ থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি। বাগদাদ মার্কেটে নকশাবর্হিভূতভাবে নির্মাণ করা ৪৬টি দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে অপর চারটি দোকানের বিষয়ে মামলা থাকায় কিছু করা যায়নি।"
তিনি আরও জানান, এরপরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। সেখানে আন্ডারগ্রাউন্ডের কারপার্কিং এর স্থান জুড়েই দোকান নির্মাণ করা হয়েছে। তারা এর বেশিরভাগটাই ভেঙে দেয়।
সোমবার সকাল থেকে আবারও অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, "মিরপুরে আরও যেসব ভবনে নকশাবর্হিভূতভাবে মার্কেট নির্মাণ বা পার্কিং এর স্থানে দোকান নির্মাণ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২১২০ ঘ.
bdnews24