ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত মিনিস্টার এএসএম অয়েছুজ্জামান (৪৫) মারা গেছেন।
গত ২২ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কুয়ালালামপুরে মারা যান।
অয়েছুজ্জামান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ অক্টোবর অয়েছুজ্জামানের মরদেহ দেশে আনা হয়। ২৬ অক্টোবর সকালে খুলনায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ গ্রামে তাকে সমাহিত করা হবে। মরদেহ বারডেমে হিমঘরে রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এএসএম অয়েছুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24