২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদ-ওয়ার্কাস পার্টি সমর্থিত চিকিৎসকদেরও বিএমএ নির্বাচন বর্জন

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচন থেকে জাসদ-ওয়ার্কাস পার্টি সমর্থিত বাংলাদেশ চিকিৎসক সংসদও সরে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচন থেকে জাসদ-ওয়ার্কাস পার্টি সমর্থিত বাংলাদেশ চিকিৎসক সংসদও সরে দাঁড়িয়েছে। এর আগে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। রোববার বাংলাদেশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের একচেটিয়ামূলক মনোভাব, অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে সামগ্রিক নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।" বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিদ্যমান একতরফা পরিস্থিতিতে চিকিৎসকদের জন্যে একটি আন্তরিক ও দক্ষ ভারসাম্যপূর্ণ নেতৃত্ব নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। তাই বাংলাদেশ চিকিৎসক পরিষদ পূর্ণ সদিচ্ছা থাকলেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।" বাংলাদেশ চিকিৎসক সংসদের প্যানেলে বিএমএ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক সিরাজুল ইসলাম, মহাসচিব পদে ডা. মুশতাক হোসেন, কোষাধ্যক্ষ পদে আহমেদ আবু সালেহ ও যুগ্ম মহাসচিব পদে ডা. কামরুল হাসান জায়গীরদার প্রার্থী হয়েছিলেন। আগামী ৫ নভেম্বর বিএমএ নির্বাচন হবে। ড্যাব ও বাংলাদেশ চিকিৎসক পরিষদ নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় এখন দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছে। এ দুটি প্যানেল হলো আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর যৌথ প্যানেল ও জামায়াত ইসলামী সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২১০০ ঘ.