২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গ্রেপ্তার ১২ আনসার প্রশিক্ষণার্থী রিমান্ডে

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষণকালে শরীয়তপুরে গ্রেপ্তার ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে রোববার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

শরীয়তপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষণকালে শরীয়তপুরে গ্রেপ্তার ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে রোববার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুডেন্ট মো. ইউনুছ আলী খানকে প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জঙ্গি সংশ্লিষ্টতা এবং ভুয়া ঠিকানা ব্যবহার করার ব্যাপারে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞসাবাদের অনুমতি চেয়ে আবেদন জানায় পুলিশ। বিচারক অশোক কুমার দত্ত আবেদন মঞ্জুর করেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসে শরীয়তপুরের স্থানীয় বাসিন্দা হিসেবে নাগরিক সনদ ব্যবহার করে আনসার ও ভিডিপিতে ভর্তি হওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে সদর (পালং) থানায় এ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে ছয়জন গাইবান্ধার, একজন বগুড়ার, একজন ঠাকুরগাঁও'র এক জন মেহেরপুরের, দুজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার। মামলার তদন্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাদের তিনদিন পুলিশ হেফাজতে দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তাদের নিজেদের এলাকার থানায় খবর পাঠানো হয়েছিল। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই লিয়াকত ও ফরিদ আহ্মেদ। আসামি পক্ষে ছিলেন মনিরুজ্জামান খান দিপু ও জালাল আহমেদ সবুজ। মনিরুজ্জামান খান দিপু আদালতকে বলেন, "জঙ্গি কিংবা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে তারা জড়িত আছে বলে আমি মনে করি না। তাদের দেখে বোঝা যায় শুধু চাকরি ও জীবিকা নির্বাহের জন্যই তারা এসেছেন।" আনসার ও ভিডিপির'র ঢাকা অঞ্চলের কমান্ডার মো. ফিরোজ খান সাংবাদিকদের বলেন, ভুয়া ঠিকানা ব্যবহার করে এই ১২ জনের আনসার ও ভিডিপিতে ভর্তি এবং মৌলিক প্রশিক্ষণের সুযোগ পাওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুডেন্ট মো. ইউনুছ আলী খানকে ঢাকা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব উপজেলা কর্মকতা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। ফিরোজ খান বলেন, মাদারীপুর জেলা অ্যাডজুডেন্ট মাহবুবুর রহমানকে শরীয়তপুর জেলায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিক মণ্ডল গ্রেপ্তারকৃত উজ্জ্বলের চাচাত ভাই। বিভিন্ন পত্রিকায় জঙ্গি সংশ্লিষ্টতার খবর দেখে তিনি শরীয়তপুর এসেছেন তাদের দেখতে এবং খোঁজখবর নিতে। রফিক মণ্ডল সাংবাদিকদের বলেন, "যমুনা নদীর ভাঙন কবলিত আমাদের এলাকার পাঁচজন এখানে প্রশিক্ষণ নিতে আসেন। আপনারা আমাদের এলাকার চেয়ারম্যান, সাংসদদের কাছে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের বিরুদ্ধে এমনকি থানায় একটি সাধারণ ডায়েরিও নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.