২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন প্রমাণিত হলে অভিযুক্তরা ছাড় পাবে না:সাহারা

ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক এফ এম মাসুমের ওপর র‌্যাবের নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক এফ এম মাসুমের ওপর র‌্যাবের নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমরা কাউকেই ছাড় দেবো না।" তিনি বলেন, "যদি অন্যায়ভাবে কিছু করা হয়ে থাকে সেটা দুঃখজনক। সে জন্য আমরা দুঃখিত।" নির্যাতনকারী র‌্যাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সাহারা খাতুন বলেন, "যদি কাউকে অন্যায়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।" স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববারই মাসুমকে দেখতে যাবেন। গত ২২ অক্টোবর র‌্যাবের একটি দল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র মাসুমকে তার যাত্রাবাড়ীর ভাড়া বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। নির্যাতনে গুরুতর আহত মাসুম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/জিএনএ/১৬২৯ ঘ.