চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে কোহিনুর হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত খুনি রসু খাঁ।
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে ১৬৪ ধারায় রসুর জবানবন্দি নেন চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর।
এরপর তাকে কারাগারে পঠানো হয়। রোববার তাকে আবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।
এর আগে এক দফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রসু। ওই জবানবন্দিতে তিনি ১১ নারীকে খুনের বিবরণ দেন। এর মধ্যে কোহিনুর হত্যাকাণ্ডের স্বীকারোক্তিও ছিল। কোহিনুরের বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ অক্টোবর চাঁদপুর মডেল থানা পুলিশ কোহিনুর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে রসুকে ছয়দিনের হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদে রসু ২০০৮ সালের ২৩ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে চুবিয়ে কোহিনুরকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে এসআই রহিম জানান।
গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপুর থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ রসুকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত চার দফায় তাকে ১৪ দিন হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বুধবার রাতে পুলিশ রসু খাঁকে নিয়ে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তার সহযোগী সন্দেহে মিরাশপাড়া থেকে মানিক (৩২), তার স্ত্রী সুফিয়া বেগম (২৮) এবং বছির উল্লাহ রাঢ়ী ওরফে বসুকে (৪০) গ্রেপ্তার করে।
তাদের সবার বাড়ি চাঁদপুরে। তারা টঙ্গীতে থেকে ব্যবসা ও চাকরি করেন।
শুক্রবার মানিক ও বসুকে জিজ্ঞাসাবাদ করতে ফরিদগঞ্জ থানা পুলিশ চারদিনের জন্য হেফাজতে নিয়েছে। মানিকের স্ত্রী সুফিয়াকে ১৫৪ ধারায় কারাগারে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৭ ঘ.
bdnews24