চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবারও দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তবে এতে বন্দরের কার্যক্রম ব্যাধাগ্রস্ত হয়নি।
বুধবার দুপুর ২টার দিকে বন্দরের ড্রেজিং জাহাজ এমভি খনকের সঙ্গে গমবাহী জাহাজ সিইউ ইউটোপিয়ার সংঘর্ষ হয়।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহির্নোঙ্গরে খননকাজের সময় গমবাহী ইউটোপিয়া জাহাজ ড্রেজার জাহাজ খনককে ধাক্কা দেয়। এতে খনকের সামনের অংশের তলা ফেটে এর ভেতরে পানি ঢুকছে।"
দুর্ঘটনা কবলিত খনককে উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। পানামার পতাকাবাহী সিইউ ইউটোপিয়া বন্দরে মাল খালাস করছে।
ফরহাদ বলেন, "বন্দরের সব ধরনের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।"
এর আগে গত শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গমবাহী দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24