২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক হিসেবে ব্যবহৃত পশু চিকিৎসার ইঞ্জেকশনসহ গ্রেপ্তার ২

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সোমবার রাতে ৪ হাজার অ্যাম্পুল পশু চিকিৎসার ইঞ্জেকশনসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 06:47 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সোমবার রাতে ৪ হাজার অ্যাম্পুল পশু চিকিৎসার ইঞ্জেকশনসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ভারতে তৈরি এ ইঞ্জেকশনগুলো মূলত রেসের ঘোড়ার চিকিৎসা ও বলবর্ধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে এ ইঞ্জেকশন নেশার উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাহীন (২৬) ও মো. আলী (২৪)। এদের মধ্যে মো. আলী রাজধানীর বোরহানউদ্দীন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্র। অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের উপ-পরিচালক ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুর থানার লালমোহন দাস স্ট্রিটে অভিযান চালিয়ে এ ইঞ্জেকশনগুলো উদ্ধার করা হয়। চারতলা বাড়িটির নিচতলা থেকে কার্টনভর্তি চার হাজার অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করে দলটি। তিনি জানান, বুপ্রেনরফাইন উপাদানে তৈরি এ ইঞ্জেকশন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ফজলুর রহমান জানান, রাজশাহী সীমান্ত দিয়ে ভারত থেকে এ ইঞ্জেকশনগুলো সোমবারই ঢাকায় এসেছে। এ বিষয়ে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০৩৫ঘ.