২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী গুলিবিদ্ধ, টেণ্ডারবাজির ফল বলে ধারণা

রাজধানীর তেজগাঁও থানার কাছে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী। তার যানজটে আটকে থাকা গাড়ির জানালা দিয়ে গুলি ছোড়া হয়। এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত প্রকৌশলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার সকালে এক সরকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আহত ফজলে রাব্বী মো. মোর্শেদ (৫৩) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। সকাল সোয়া ৯টার দিকে তেজগাঁও থানার কাছে ইম্পেরিয়াল গেস্ট হাউজের সামনে মোর্শেদের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। ফজলে রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরো তথ্যসহ) এতে জড়িত সন্দেহে রাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জনতা এবং পুলিশ ধাওয়া করে ধরে। এসময় পুলিশ ৪/৫ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। গুলিতে রাকিব আহত হয়। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজলে রাব্বী তার তেজকুনিপাড়ার বাসা থেকে গাড়িতে করে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় পড়েন। তিনি বলেন, " ফজলে রাব্বী গাড়িতে ওঠার পরপরই দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গাড়ির জানালা দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি তার নিতম্বে লেগেছে।" ওসি বলেন, একটি রিভলবারসহ রাকিব ধরা পড়লেও অন্য হামলাকারী পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, "রাকিব জানিয়েছে, ১০ হাজার টাকার বিনিময়ে তারা ফজলে রাব্বীকে গুলি করেছিল। জয় নামে একজন তাকে এই টাকা দেয়। " দরপত্র সংক্রান্ত কোনও কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি জানান, দরপত্র ছাড়াও গাজীপুরে জায়গা নিয়ে বিরোধ রয়েছে বলে ফজলে রাব্বির এক ভাই তাকে জানিয়েছে। তারা দু'টি বিষয়টিই খতিয়ে দেখছেন। এই ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল জালিল বাদি হয়ে অস্ত্র আইনে এবং হত্যার চেষ্টার অভিযোগ এনে ফজলে রাব্বির মা ফিরোজা খাতুন বাদি হয়ে একটি মামলা করেছেন। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যারাই ঘটিয়ে থাকুক, অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসকে/২৩১৮ঘ.