২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে প্রতিপক্ষের লাগানো আগুনে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাগ্যা গ্রামে প্রতিপক্ষের লাগানো আগুনে পুড়ে মারা গেছে এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নোয়াখালী, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাগ্যা গ্রামে প্রতিপক্ষের লাগানো আগুনে পুড়ে মারা গেছে এক শিশু। নিহত পান্না (৫) গ্রামের মিরাজ উদ্দিনের মেয়ে। মঙ্গলবার বিকেলে পান্নার দাদী জরিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা করেছেন। আবদুল কাইউম (৪২), আবু তাহের (৪৫), সাহাব উদ্দিন (১৮) ও নিলুফার বেগম (৩৫) নামে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চরজব্বার থানার ওসি আবুল কালাম ও পান্নার দাদী জরিনা বেগম জানান, একই গ্রামের আবদুল কাইউমের সঙ্গে চরের খাস জমি নিয়ে পান্নার বাবা মিরাজের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এই কারণে কাইউম তার সহযোগীদের নিয়ে গভীর রাতে মিরাজের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। অন্য সদস্যরা বেরিয়ে যেতে পারলেও ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে পান্না মারা যায়। ওসি জানান, পান্নার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.