মৌলভীবাজার, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও-রশিদপুর রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের 'পাওয়ার কারে' আগুন লাগে। আগুন পাশের গার্ডের বগিতেও আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে গিয়ে গার্ড মো. আকতার হোসেন (৫২) সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই কারণে ঢাকা-সিলেট-চট্টগ্রামের মধ্যে পৌনে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
ঘটনা তদন্তে ট্রাফিক পরিদর্শক (কুলাউড়া) আতাউর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান, ক্যারেজ অ্যান্ড ওয়াগন পরিদর্শক আবুল কাশেম ও লোকো পরিদর্শক মিজানুর রহমান।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পর পৌনে ছয়টার দিকে সুরমা মেইল ট্রেনের পেছনে থাকা পাওয়ার কারে আগুন লাগে। এক পর্যায়ে পরিচালকের (গার্ড) বগিতে ছড়িয়ে পড়ে।"
রেলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত পাওয়ারকার ও পরিচালকের বগি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে রেখে ট্রেনটি ১০টা ১০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে তিনি জানান ।
সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর জানান, অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জে এবং আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি রশিদপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের উপ-সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ (আখাউড়া) আল মামুন জানান, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পরপরই রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন প্রকৌশলী ও রেলওয়ে প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24