ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রী সেবিকার মধ্যে হাতাহাতির ঘটনায় ভোগান্তিতে পড়েন সার্জারি ওয়ার্ডের অর্ধ শতাধিক রোগী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সার্জারি (২০ নম্বর) ওয়ার্ডের কর্তব্যরত শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক রাজিয়া সুলতানার সঙ্গে চতুর্থ বর্ষের ছাত্রী সেবিকা সুমি আক্তারের বাকবিতণ্ডা হয়। সেবিকা সুমি ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি তার এক আত্মীয় রোগীর জন্য ওই শিক্ষানবিস চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে এ ঘটনা ঘটে।
একপর্যায়ে রাজিয়া সুলতানা সেবিকা সুমিকে ফাইল দিয়ে আঘাত করেন ও গালে চড় মারেন। সেবিকা সুমিও পাল্টা চড় কষেন চিকিৎসক রাজিয়াকে। এরপর দু'জনের মধ্যে হাতাহাতি ও ফাইল ছোঁড়াছুড়ি হয়।
খবর পেয়ে অন্য শিক্ষানবিস চিকিৎসক ও সেবিকারা ২০ নম্বর ওয়ার্ডের সামনে জড়ো হতে থাকেন। কমর্রত এবং ছাত্রীনিবাস থেকে শতাধিক নার্স গিয়ে জড়ো হয় ২০ নম্বর ওয়ার্ডের সামনে। প্রায় ঘন্টার বেশি সময় উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। ওয়ার্ডের চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
এক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পরে চিকিৎসক ও সেবিকারা কাজে ফিরে যান।
এসময় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চললেও অনেক বিভাগ থেকে শিক্ষানবিশ চিকিৎসক ও সেবিকারা গিয়ে বাকবিতণ্ডায় যোগ দেন। এতে পুরো হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হয়। সবচে' বেশি ভোগান্তি পোহাতে হয় সার্জারি ওয়ার্ডের রোগীদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি পুরো তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
২০ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বেডের রোগী আয়নাল হকের স্ত্রী সালমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসক ও সেবিকাদের বাকবিতণ্ডার সময় অনেক রোগী চিকিৎসক বা সেবিকাদের খোঁজ করে পাননি। তবে অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখেছেন সালমা।
ওয়ার্ডের একজন সেবক দাবি করেন, কিছুসময় ওয়ার্ডের চিকিৎসার স্বাভাবিক গতি ব্যাহত হলেও চিকিৎসা সেবা বন্ধ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩০৯ ঘ.
bdnews24