চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী থেকে ১৬ মামলার আসামি জলদস্যু সর্দার সেকান্দর বাদশা ওরফে কালা বাদশাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাদশার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মেঘভাসা গ্রামে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার জানান, সকালে হাটহাজারীর বুড়িশ্চর এলাকার একটি বাড়ি থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বাদশা হাতিয়া, সন্দ্বীপ ও চর জব্বার এলাকার দুর্ধর্ষ জলদস্যু হিসেবে পরিচিত। তার অনুগত ৪০ থেকে ৫০ জন সদস্য সাগরে বিভিন্ন মাছ ধরা নৌকা ও চরাঞ্চলে ডাকাতি করে আসছে।
তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার থানায় দস্যুতা ও ডাকাতির অভিযোগে ১৬টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা বাবুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২২১৪ ঘ.
bdnews24