২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রথম আলো আইন মন্ত্রণালয়কে সঠিকভাবে উদ্ধৃত করেনি'

দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' শিরোনামে প্রতিবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত অসম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' শিরোনামে প্রতিবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত অসম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, "গত ১২ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' প্রতিবেদনে আইন মন্ত্রণালয়ের যে মতামত উল্লেখ করা হয়েছে তা অসম্পূর্ণ। ওই প্রতিবেদনে আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনের সঠিক প্রতিফলন হয়নি।" ফিসক্যাল অফেন্সের (অর্থবিষয়ক) কোনও বিষয় মীমাংসা করতে হলে আদালতের অনুমতিক্রমে করতে হবে জানিয়ে তিনি বলেন, "আইন মন্ত্রণালয়ের মতামতেও তা-ই বলা হয়েছে।" এ সময় তিনি সাংবাদিকদের ওই মতামতটি পড়ে শোনান। এতে বলা হয়েছে, নথি পর্যালোচনায় দেখা যায়, সরকার আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারার অভিযোগে বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এবং অন্যদের বিরুদ্ধে ঢাকার বিশেষ আদালত নং ৩ এ বিশেষ মামলা নং ৭/২০০৭ দায়ের করে। মামলায় আদালত ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর ওই অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল দায়ের করেছেন কি না এ মর্মে নথিতে কোনও কিছু পাওয়া যায়নি। এতে আরও বলা হয়, আয়কর অধ্যাদেশের ১৭০ ধারার আওতায় কোনও ব্যক্তির বিরুদ্ধে প্রসিডিংস বা প্রসিকিউশন দায়েরের আগে বা পরে বোর্ডের মীমাংসা করার ক্ষমতা রয়েছে। তবে মামলার রায় হওয়ার পরে বোর্ডের মীমাংসা করা যাবে কি যাবে না সে বিষয়ে ওই ধারায় কোনও কিছু উল্লেখ করা হয়নি। সাধারণত কোনও প্রসিডিংস বা প্রসিকিউশন পর্যায়ে কোনও আপস মিমাংসার সুযোগ থাকলে এর ধারাবাহিকতায় আপিল বা অন্য কোনও কার্যক্রমেও আপস-মীমাংসা হয়ে থাকে। এ মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বা অন্য কোনও রূপ কার্যক্রম গৃহীত হলে আয়কর অধ্যাদেশের ১৭০ ধারার আলোকে বিষয়টি মীমাংসা করতে আইনগত কোনও বাধা নেই। তবে মিমাংসার বিষয়টি ওই আদালতে অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে। আইনমন্ত্রী বলেন, "আদালত যদি মনে করে, এটা মীমাংসার যোগ্য তাহলে অসুবিধার কিছু নেই। আদালতের নির্দেশক্রমে বিভিন্ন ধারায় ফিসক্যাল অফেন্স মীমাংসার বিধান আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসএইচ/২১৫৯ ঘ