ঢাকা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ মঙ্গলবার ১৫ দিনের জন্য জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করেছেন।
আগামী ২৮ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন আবার বসবে বলে জানান স্পিকার।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটি তৃতীয় অধিবেশন মঙ্গলবার মুলতবির সিদ্ধান্ত নেয়।
চীফ হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরে আরও একটি অধিবেশন এড়াতে চলতি অধিবেশন মুলতবি করা হয়েছে।"
সংবিধান অনুযায়ী পূর্ববর্তী অধিবেশনের শেষ দিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানান চীফ হুইপ। যদিও কার্যউপদেষ্টা কমিটি চলতি অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে।
গত ৭ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। ঈদ ও দুর্গাপূজার ছুটির কারণে ৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন মুলতবি থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/পিসি/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24