মৌলভীবাজার,অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনারপাড় গ্রামে মঙ্গলবার ভোরে ডাকতির সময় গ্রামবাসীর সঙ্গে এক ডাকাত মারা গেছে। আহত হয়েছেন চার গ্রামবাসী।
নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য তার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মো.নুরুজ্জামান (৪০), তার ছেলে জসিম উদ্দিন (২০), প্রতিবেশী আবুল কাশেম (২৫) ও সজল মিয়া (৩৫)।
আহতদের মধ্যে দুজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশিদ্রোন ইউনিয়নের উদনারপাড় গ্রামের পান ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে ভোররাত ৩টার দিকে মুখোশ পড়া ১০/১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে নুরুজ্জামান ও তার পরিবারের লোকজন চিৎকার করে।
প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। প্রায় ১৫/২০ মিনিট স্থায়ী সংঘর্ষের পর আশপাশের গ্রামের লোকজনও এগিয়ে আসে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায় বলে ওসি এনামুল মনোয়ার জানান।
তিনি বলেন, "ডাকাতদের দা ও লাঠির আঘাতে বাড়ির মালিক নুরুজ্জামানসহ চারজন আহত হন। আহতদের মধ্যে প্রতিবেশী কাশেম ও সজলকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।"
ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ' গজ দূরে হাফপ্যান্ট পরা এক ডাকাতের লাশ পাওয়া যায় বলে ওসি জানান।
তিনি জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24