ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে একচোখা নীতি অবলম্বন করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যেই তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে বিএনপি নেতা মওদুদ আহমেদের একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
খালেদা জিয়ার ছেলে তারেকের যে মামলাটি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা মূলত তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গুলশান থানায় সৈয়দ আবু শাহেদ সোহেলের দায়ের করা এ মামলায় তারেককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
তারেকের মামলার বিষয়ে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এ মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। আমাদেরও মনে হয়েছে এটি রাজনৈতিক হয়রানিমূলক। তাই এটি প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মঙ্গলবারের বৈঠকে মোট ২৯৭টি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ নিয়ে সরকার আট দফায় ৮৭৫টি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলো। এর অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা।
কমিটির ষষ্ঠ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও দলটি এক্ষেত্রে সরকারি তৎপরতার সমালোচনা করে আসছে।
বিএনপির অভিযোগ, কমিটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একাধিক মামলাসহ আওয়ামী লীগ নেতাদের মামলা প্রত্যাহারে 'আগ্রহী' হলেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারে 'অনাগ্রহী'।
তবে কমিটির সপ্তম বৈঠকের পর গত ১৬ সেপ্টেম্বর কামরুল ইসলাম বলেন, "খালেদা জিয়া, ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের প্রকৃত অর্থে রাজনৈতিক হয়রানিমূলক কোনও মামলা প্রত্যাহারের আবেদন এলে কমিটি তা ইতিবাচক দৃষ্টিতেই বিবেচনা করবে।"
"তবে সবাইকে সমান্তরালভাবে দেখাটা ঠিক হবে না", যোগ করেন তিনি।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৮ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেককে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। সব মামলায় জামিনে মুক্তির পর তিনি ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।
তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোও কয়েকটি মামলার আসামি। তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24