২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বাংলাদেশি হত্যার ঘটনায় বিএসএফ জওয়ানের বিচার শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে শিশুসহ তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফ সদস্য আরপি সিংয়ের বিচার ভারতের সামরিক আদালতে শুরু হয়েছে বলে জানিয়েছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

পঞ্চগড়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে শিশুসহ তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফ সদস্য আরপি সিংয়ের বিচার ভারতের সামরিক আদালতে শুরু হয়েছে বলে জানিয়েছে বিডিআর। সোমবার দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে সংশ্লিষ্ট কয়েকজন বাংলাদেশি চিকিৎসক সাক্ষ্য দিয়ে এসেছেন। গত বছরের ১৬ নভেম্বর রাতে ১০ বিএসএফ ব্যাটালিয়নের নয়াবাড়ি ক্যাম্পের সদস্য আরপি সিং তেঁতুলিয়া সীমান্তের ময়নাকুড়ি গ্রামে অনুপ্রবেশ করে অতর্কিত গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মাজেদা বেগম (২৫) ও তার আট মাস বয়সী ছেলে মামুন এবং মোস্তফা (৫০) নামে এক গ্রামবাসী নিহত হন। এ ছাড়া মাজেদার স্বামী শহীদুল পেটে ও বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসী আরপি সিংকে আহত অবস্থায় অস্ত্রসহ আটক করে বিডিআরের কাছে সোপর্দ করে। এরপর সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোজাফফর রহমান সাংবাদিকদের জানান, বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে বিএসএফ'র অনুরোধে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে বাংলাদেশের দুই চিকিৎসক সাক্ষ্য দেন। সাক্ষ্য দানকারীদের মধ্যে আছেন- ময়নাতদন্তকারী পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বাহারাম আলী, বিএসএফ সদস্য আরপি সিংকে চিকিৎসা প্রদানকারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। এর আগে গত ৮, ৯, ১০ অক্টোবর বাংলাদেশের বিডিআর, পুলিশ, আহত শহীদুল ও প্রত্যক্ষদর্শীসহ বেশ কয়েকজন ভারতের ওই সামরিক আদালতে সাক্ষ্য দিয়ে এসেছেন। মেজর মোজাফফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর কর্মকর্তা ক্যাপ্টেন হাসিব সাক্ষ্য দেওয়ার জন্য ওই চিকিৎসকদের ভারতে নিয়ে যান। এ সময় ভারতের ২৩ বিএসএফ ব্যাটালিয়নের অফিসিয়েটিং কমান্ডেন্ট আর কে শাহী তাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে যান।" তিনি আরও বলেন, "বিএসএফ কর্তৃপক্ষের অনুরোধে বিডিআরের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হয়েছে। সোমবার আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছি। বিএসএফের পক্ষ থেকে এ ব্যাপারে ভারতীয় সরকারের কাছে সুপারিশ করার কথা জানানো হয়েছে।" বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় সামরিক আদালতে বিচার এবং বাংলাদেশীর সাক্ষ্য গ্রহণের ঘটনা এটিই প্রথম বলে তিনি দাবি করেন। বিডিআর কর্মকর্তা জানান, আরপি সিং এর বিচারের গঠিত সামরিক আদালতের বিচারক প্যানেলে রয়েছেন বিএসএফ'র একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনজন কর্ণেল পদ মর্যাদার কর্মকর্তা এবং একজন আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সোমবার সকালে ময়নাকুড়ি গ্রামে গেলে নিহত মোস্তফার মেয়ে লাবণী (১৫) জানায়, "গুলি করে বাবাকে হত্যাকারী বিএসএফ সদস্যের ফাঁসি চাই আমরা।" বর্তমানে প্রায় পঙ্গু শহিদুল ইসলাম (৩৫) বলেন, "মাতাল বিএসএফ সদস্যের কারণে অকালেই আমি আমার স্ত্রী ও শিশু সন্তনকে হারিয়েছি। এজন্য আমি আরপি সিংয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" হাতে গুলি লাগায় কোনো কাজও করতে পারেন না বলে শহিদুল জানান। তিনি আরও জানান, ওই ঘটনার পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচের অর্ধেক বিডিআরের পক্ষ থেকে দেওয়া হতো। কিন্তু বিডিআর বিদ্রোহের পর থেকে সেটাও বন্ধ রয়েছে। এখন কেউ তার খবর নেয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.