ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন সংসদের প্রথম সারিতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করলেও সোমবার সবাইকে মিষ্টি খাওয়ালেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। উপলক্ষ্য নানা হয়েছেন তিনি।
এ বিষয়ে আছরের নামাজের বিরতির সময় ডেপুটি স্পিকার শওকত আলী সাংসদদের বলেন, "সংসদের লবিতে আপনাদের জন্য মিষ্টি রয়েছে। স্পিকারের নাতি হয়েছে। আপনারা মিষ্টি খেয়ে যাবেন।"
এর আগে বিকেলে স্পিকার নিজে সাংবাদিকদের গ্যালারিতে গিয়ে বলেন, "আমি নানা হয়েছি। আপনাদের জন্য মিষ্টি আছে।"
সংসদে মিষ্টি খাওয়ানোর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে বাজেট অদিবেশনে সরকারি দলের সাংসদ কে এম খালিদ সবাইকে ম্্ুক্তাগাছার মণ্ডা খাওয়ান।
রোববার প্রথম সারিতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে স্পিকার আব্দুল হামিদ অধিবেশনের শুরুতেই ক্ষোভ প্রকাশ করেন। স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, "এ জিনিসটা আমার খুব ভালো লাগছে না। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন। কিন্তু, ফ্রন্ট রো (সামনের সারি) খালি। এটা আমি সহজভাবে নিতে পারছি না।"
ওই সময় প্রথম সারিতে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
এছাড়া ওইদিন বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে বাতিল নোটিশ পড়ার সময় সাংসদরা যার যার আসনে একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন। বিষয়টি স্পিকারের দৃষ্টিতে পড়লে তিনি সাংসদদের উদ্দেশ করে বলেন, "আপনারা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছেন, তাতে শব্দের সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে, এটা একটা মাছের বাজার। আপনারা দয়া করে এভাবে কথা বলবেন না।"
স্পিকারের এমন বক্তব্যের পর সোমবার সংসদে মন্ত্রী ও সাংসদদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এসএম/কেআরসি/এইচএ/১৮২৭ ঘ.
bdnews24