২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজের জামিন আদেশ বহাল

বিএনপি-জামায়াত জোট সরকারের পরিবেশ ও বন মন্ত্রী শাহজাহান সিরাজকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ আদেশের ফলে সাবেক এই মন্ত্রীর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের পরিবেশ ও বন মন্ত্রী শাহজাহান সিরাজকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ আদেশের ফলে সাবেক এই মন্ত্রীর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। শাহজাহান সিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চ হাইকোর্টের চেম্বার বিচারপতির স্থগিতাদেশ খারিজ করে এ আদেশ দেন। গত ১৮ আগস্ট দু'টি দুর্নীতি মামলায় শাহজাহান হাইকোর্ট থেকে জামিন পান। তবে ২৫ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয়। শাহজাহান সিরাজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। ব্যারিস্টার সারোয়ার সিরাজ তাকে সহায়তা করেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। আদেশের পর সারোয়ার সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শাহজাহান সিরাজের জামিন স্থগিতের চেম্বার বিচারপতির আদেশ খারিজ করেছে। এখন তার মুক্তিতে কোনো বাধা নেই।" এর আগে গত ২৩ আগস্ট দুপুরে শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে আদালতে হাজির করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। দুটি মামলায় জামিন পাওয়ার পরও মুক্তি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে বিএনপির সহসভাপতি শাহজাহান সিরাজের করা একটি আবেদনে হাইকোর্ট ওই আদেশ দেয়। কিন্তু পর মুহুর্তেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের ওই আদেশের ওপর এক দিনের স্থগিতাদেশ দেন। দুটি মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল তার ১৩ বছর সাজা হয়। কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এএল/এইচএ/১৭৪৯ ঘ.