২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নতুন সময়সূচি

যানজট নিরসনে ঢাকা মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ঢাকা মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, নতুন সময়সূচি কবে থেকে কার্যকর হবে সরকার প্রজ্ঞাপন দিয়ে তা জানাবে। নতুন সময়সূচি অনুযায়ী-সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও ইংরেজি মাধ্যমের স্কুল সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুরু করে ১টা থেকে আড়াইটার মধ্যে শেষ করতে হবে। গত ১ জুন মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎসঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। ১৯ জুন রাত ১১টায় রাজউকের ঘড়ি আনুষ্ঠানিকভাবে এক ঘণ্টা এগিয়ে এনে রাত ১২টা করা হয়। বর্তমানে সেটাই কার্যকর রয়েছে। আবুল কালাম আজাদ আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীর যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে দু'শ চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন করা হয়েছে একশ'২৮ টি এবং বাস্তবায়নাধীন আছে ৭৬টি। আজাদ বলেন, "বৈঠকে গ্যাস আইন-২০০৯ এর অনুমোদন দেওয়া হয়েছে। "১৯১০ সালের বিদ্যুৎ আইনের সহায়তা নিয়ে বর্তমান গ্যাসভিত্তিক সব কর্মকাণ্ড পরিচালিত হয়। ২০০৪ সালে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হয় এবং ২০০৭ সালে একটি অধ্যাদেশ জারি করা হয়।" মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, গত ১৪-১৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৫৩-তম সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের প্রতিবেদন এবং এর আলোকে প্রণীত সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এসএইচ/১৭৩৬ ঘ.